বায়তুল্লাহর মুসাফিরের পানে


বায়তুল্লাহর মুসাফিরের পানে

-হাবিবুন নাহার মিমি


তুমি ঘেরা রবের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতে

প্রহর কাটে আমার হেথা সিক্ত আঁখিপাতে।

যখন তখন তোমার দৃষ্টি আছড়ে পড়ে কা'বায়

আমার তৃপ্তি দীর্ঘশ্বাসেই তোমার কথা ভাবায়।


আরবপানে রওনা দিলে স্বপ্নমাখা চোখে

হেথায় আমার আড়াল করা অশ্রু কেবা রোখে!

তুমি যখন অশ্রু ঝরাও কা'বার গিলাফ ধরে

আমার হৃদয় মুচড়ে উঠে বিচ্ছেদের হিম ঝড়ে।


বায়তুল্লাহর দাওয়াতনামা তোমার হাতে দেখে

অভিমান কান্না ওঠে ডুকরে থেকে থেকে।

রবের প্রতি নিরব আর্জি জানাই কতো রোজ

তবুও দু'চোখ পায়নি আজও সবুজ-কালোর খোঁজ। 


তুমি দেখো সিক্ত রবের কতো করুণায়

বারে বারে আরবধূলি মাখাও সারা গায়।

তোমার ঠোঁটে লাব্বাইকের জোয়ার ওঠে রোজ

শুষ্ক ওষ্ঠ পায়না আমার সে জমজমের খোঁজ। 


বায়তুল্লাহর মুসাফির ওগো বলছি তোমায় শোনো

সবুজ গম্বুজে তুমি স্বপ্ন যখন বোনো,

আমার কথা রেখো মনে একটু কোরো দোয়া

এই নসিবেও রয় যেন গো কালো গিলাফ ছোঁয়া।

No comments

Theme images by Storman. Powered by Blogger.