নিরব দুআ



নিরব দুআ

-হাবিবুন নাহার মিমি


কত রমাদান পার হয়ে গেলো একটি নিরব দোয়ায়

কী অনুভূতি জাগে হৃদয়ে কা'বার গিলাফ ছোঁয়ায়!

প্রশ্নখানা গুমড়ে কাঁদে বুকের গহীন কন্দরে

কেমন লাগবে নামবো যখন আরব সাগর বন্দরে?

আরবের ওই শুষ্ক তটে আমি যখন রাখবো পা

সিজদায় লুটিয়ে তখন কান্নাতে কি কাঁপবে গা?

চোখে প্রথম পড়বে কা'বা ইমারতের এক ফাঁকে 

স্তব্ধ হয়ে ঠাঁয় দাঁড়াবো নেই সাড়া কোনো ডাকে।

অবাক হয়ে দেখবো সেদিন মাতাফ, হাতিম, মুলতাজিম

ভাষা হবে অশ্রু শুধু, শব্দমালা সব বিলীন।

জমজমের পেয়ালা হাতে আকাশপানে চাইবো যখন

অব্যক্ত শুকরিয়া-রা কপোল বেয়ে ঝরবে তখন।

নবীজীর ছোঁয়া মাখা জাবালে নূরের পথ ধরে

উঠবো যখন হেরার পানে, আকাশ কি পড়বে ঝরে?

কানের কাছে ফিসফিসিয়ে বলবে বাতাস সুখস্মৃতি 

রাসূল যখন এপথ ধরেই রোজ চলেছেন; তার গীতি।

মা খাদিজার ভালোবাসায় সিক্ত ছিলো যে হাঁটাপথ

সেই পথে চুপটি করে আমি যদি নিইগো শপথ।

মহিয়সী মায়ের মতন পারবো কি আগলাতে সব

তাঁহার পথের যাত্রী ভেবে আমায়ও কি ডাকবে, ও রব?

তায়েফ যাওয়ার পথ খানাতে আজও যেন রুধির-পায়

দয়ার নবী আছেন শুয়ে চোখটি বুজে যন্ত্রণায়।

ওই পথেতে পা উঠাতে আমার কি গো সাহস হবে? 

যে পথ রাঙা প্রিয়নবীর রক্তরঙিন কলরবে।

No comments

Theme images by Storman. Powered by Blogger.