আসছে রমাদান

 আসছে রমাদান

-হাবিবুন নাহার মিমি



বাজে সুখ-দামামা আসছে রমাদান
আমলের উৎসবে মুমিনের জাগে প্রাণ
সাহরি-তারাবিহ-ইফতারে বাড়ে টান
বাজে সুখ-দামামা আসছে রমাদান।
বাজারে আগুন লেগে "কম দাম" পুড়ে ছাই
দিনমজুর ভাবে দু'টি ভাত কোথা পাই
ধনীর দস্তরখানে সব ভরা, নাহি ঠাঁই
বাজারে আগুন লেগে "কম দাম" পুড়ে ছাই।
প্ল্যানিং আর চেকলিস্ট দেয়ালেতে পায় শোভা
সুকূনে সাজে ঘর আহা কি যে মনোলোভা
মুচকি হাসি হেসে চেয়ে রয় ক্ষণপ্রভা
প্ল্যানিং আর চেকলিস্ট দেয়ালেতে পায় শোভা।
ভরা মৌসুমের আশায় দোকানির বাড়ে হাসি
ইফতার পার্টির আয়োজন রাশি রাশি
কমদামি হোটেলে ঝুলবে পর্দা-ফাঁসি
ভরা মৌসুমের আশায় দোকানির বাড়ে হাসি।
অন্যরকম এক আয়োজন চলে সেথা
গরিবের ইফতার জোগাতে ব্যস্ত যেথা
কতশত ফাউন্ডেশন কমাতে দুঃস্থ-ব্যথা
অন্যরকম এক আয়োজন চলে সেথা।
সাদাকার টাকাতেও চলে কারো হাতটান
একখানা কলা দানে নেতা লাগে নয়খান
রিলিফের চাল মেরে বংশের রাখে মান
সাদাকার টাকাতেও চলে কারো হাতটান।
তাহাজ্জুদে কাঁদে মুমিনের অন্তর
গুনাহের আঘাতে সাদা ক্বলব জর্জর
ফিরে আসার আকুতিতে চোখ জলে ভরভর
তাহাজ্জুদে কাঁদে মুমিনের অন্তর।
এবারের রমাদান যেন হয় শ্রেষ্ঠ
দুর্নীতি ভুলে সবে হোক ন্যায়নিষ্ঠ
যিকিরে সিক্ত হোক প্রতি ওষ্ঠ
এবারের রমাদান যেন হয় শ্রেষ্ঠ।
সাওমের সুখে ভরে যাক এই রমাদান
খেজুরের ইফতারে তুষ্ট হোক প্রাণ
আমলের বর্ষণে স্নাত হোক ধরাধাম
বাজে সুখ-দামামা আসছে রমাদান!

No comments

Theme images by Storman. Powered by Blogger.